রাজগঞ্জ, ২৫ সেপ্টেম্বরঃ রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত দখল নিল বিজেপি, প্রধান হলেন রোহিণী বর্মন।
শুক্রবার বিডিও অফিসের আধিকারিকের উপস্থিতিতে প্রধান নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিজেপির ১০ জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচিত হন বিজেপির রোহিণী বর্মণ। এর আগে গত ৩১ আগস্ট বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন বিজেপির প্রতিমা সিংহ রায়।
উল্লেখ্য, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ৩০টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৮টি, বিজেপি ১০টি এবং সিপিআইএম ২টি আসনে জয়ী হয়েছিল। সংখ্যাগরিষ্ঠ আসন তৃণমূলের দখলে থাকলেও প্রধান নির্বাচনে রোহিণী বর্মণ নির্বাচিত হওয়ায় পঞ্চায়েতের নিয়ন্ত্রণ বিজেপির হাতে যায়।
প্রধান নির্বাচনের পর বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ব্যান্ড পার্টি ও গেরুয়া আবির নিয়ে উদযাপনে মেতে ওঠেন তারা।
নবনির্বাচিত প্রধান রোহিণী বর্মণ জানান, বিন্নাগুড়ির মানুষের জন্য কাজ করাই তাদের মূল লক্ষ্য। পানীয় জলের সমস্যা সমাধানের পাশাপাশি বিভিন্ন এলাকায় শৌচাগারের ব্যবস্থা করাকে অগ্রাধিকার দেওয়া হবে। আগের বোর্ডের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বিজেপির রাজগঞ্জ ব্লক কনভেনর নিতাই মন্ডল বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বিন্নাগুড়িতে বিজেপির প্রধান গঠন হয়েছে।১০ জন পঞ্চায়েত সদস্যকে নিয়েই বোর্ড গঠন করা হয়েছে। বিরোধীদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হননি। তবে উন্নয়নের কাজে বিরোধীদের সঙ্গে নিয়েই বিন্নাগুড়ির মানুষের জন্য কাজ করতে চান তারা।




