শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি কলেজ অফ কমার্সে ‘সেবা সংকল্প অভিযান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কলেজে আসেন তিনি। কলেজে পৌঁছতেই তাকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়, যেখানে অংশ নেন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
এদিন সাংসদ জানান, কলেজটিকে একটি মডেল ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হবে।প্রায় ৩০ কোটি টাকার যে উন্নয়নমূলক কাজ পরিকল্পিত রয়েছে, তা দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই কলেজের সুনাম সুদূরপ্রসারী এবং এখান থেকে বহু পড়ুয়া দেশের বিভিন্ন প্রান্তে সাফল্যের সঙ্গে কর্মরত। ভবিষ্যতেও সেই ধারাকে বজায় রাখতে প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।





