শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপুজোকে ঘিরে শহরে অপরাধ দমনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। পুজোর প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।
বিশেষ করে পুজোর সময় পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বাড়ি খালি থাকার কোনও তথ্য বা ছবি পোস্ট না করার পরামর্শ দিয়েছেন কমিশনার।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্য থেকে দুষ্কৃতীরা বাড়ি ফাঁকা থাকার বিষয়টি জানতে পারে। সেই সুযোগে চুরির ঘটনা ঘটতে পারে। তাই পুজোর মরশুমে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার বার্তা দিয়েছে পুলিশ।
এটিএম ও বড় জুয়েলারি প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। অ্যালার্ম সিস্টেম ও সিসিটিভি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শহরের নজরদারি ব্যবস্থাতেও বড়সড় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রায় চার মাস আগে শিলিগুড়িতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা ছিল প্রায় ৯০০। বর্তমানে সরকারি ও সাধারণ মানুষের সহযোগিতায় সেই সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২,৫২৭। আগামীদিনে এই সংখ্যা বাড়িয়ে প্রায় ৫,০০০ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
মহিলাদের নিরাপত্তায় পুজোর দিনগুলিতে বিশেষ ভূমিকা নেবে ‘উইনার্স’ ও ‘দুর্গা বাহিনী’। গভীর রাত পর্যন্ত চলবে টহল। ভিড় ও স্পর্শকাতর এলাকায় থাকবে বাড়তি নজরদারি। সীমান্ত এলাকাতেও বিএসএফ ও এসএসবির সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুজোর সময় শহরের যান চলাচল নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে পুলিশ। স্পর্শকাতর এলাকায় স্নিফার ডগের সাহায্যে বিশেষ তল্লাশি চালানোর পাশাপাশি চলবে নিয়মিত পুলিশি টহল।
পুলিশের দাবি, পুজোর সময় কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত রাখা হচ্ছে।





