শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ প্রায় কয়েক মাস ধরে নিয়মিত সাম্মানিক ভাতা না পাওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন বিভিন্ন স্কুলের মিড-ডে মিলের সহায়িকা কর্মীরা। সেই বকেয়া ভাতার দাবিতে শিলিগুড়ি পুরনিগমে বিক্ষোভে সামিল হলেন মিড-ডে মিল সহায়িকারা।
তাদের দাবি, দীর্ঘদিন ধরে মাসিক সাম্মানিক ভাতার সম্পূর্ণ অর্থ প্রদান করা হচ্ছে না। বর্তমানে নির্ধারিত ভাতার মাত্র এক-চতুর্থাংশ তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সহায়িকা কর্মীদের বক্তব্য, এই অল্প টাকায় সংসার চালানো তো দূরের কথা, ন্যূনতম খরচ বহন করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। পাশাপাশি, সরকার পরিবর্তনের পর তাদের দিয়ে অতিরিক্ত বিভিন্ন কাজ করানো হলেও, সেই কাজের জন্য কোনও পারিশ্রমিক বা অতিরিক্ত ভাতা এখনও পর্যন্ত প্রদান করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।
এই পরিস্থিতিতে দ্রুত সমস্ত বকেয়া সাম্মানিক ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে বুধবার সকালে বিক্ষোভ দেখান সহায়িকা কর্মীরা। পরে তারা পুরনিগমের আধিকারিকদের কাছে একটি লিখিত অভিযোগও জমা দেন।
সরকারি নির্দেশ অনুযায়ী তাদের প্রাপ্য ভাতার অর্থ নিয়মিত ও সময়মতো প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তারা।





