শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির নয়া বাজার অগ্রসেন রোড এলাকায় দোকানের শাটার ভেঙে নগদ ৮ লক্ষ টাকা চুরির ঘটনায় সাফল্য পেল খালপাড়া ফাঁড়ির পুলিশ।
অভিযুক্ত রাজ চৌধুরীকে গ্রেফতারের পর তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ৬ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করলো পুলিশ।বাকি টাকা উদ্ধারের জন্য পুলিশি হেফাজতে নিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সকালে অগ্রসেন রোডের একটি দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক প্রদীপ আগরওয়াল খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।অভিযোগ করেন তার দোকানে রাখা প্রায় ৮ লক্ষ টাকা নগদ চুরি হয়েছে।
অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে এক ব্যক্তিকে ছাতা নিয়ে দোকানের কাছে আসতে এবং শাটার ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে শনাক্ত করে।
এরপর সোমবার রাতে হেমন্ত বসু কলোনি এলাকায় অভিযান চালিয়ে রাজ চৌধুরীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।জিজ্ঞাসাবাদে অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ৬ লক্ষ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।বাকি টাকা উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।





