রাজগঞ্জ, ২২ সেপ্টেম্বরঃ কনটেনারে গাদাগাদি করে মহিষ পাচারের চেষ্টা, ২৩টি মহিষের মৃত্যু।পাচারের আগে একটি কনটেনার আটক করলো রাজগঞ্জ থানার পুলিশ।
মঙ্গলবার সকালে ফাটাপুকুর ট্রাফিক মোড়ের কাছে কনটেনারটি দাঁড়িয়ে থাকতে দেখেন ট্রাফিকে কর্তব্যরত কর্মীরা।কাছে গিয়ে দেখা যায়, গাড়িতে চালক ও খালাসি কেউ নেই। কনটেনার থেকে রক্ত ও অন্যান্য তরল পদার্থ বের হতে দেখে সন্দেহ হয় তাদের।
এরপর রাজগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনটেনারেটি বন্ধুনগরের কাছে একটি খামারে নিয়ে যায়। সেখানে কনটেনারের দরজা খুলতেই ভেতরে গাদাগাদি করে রাখা মহিষগুলি দেখা যায়। কয়েকটি মহিষের পা দড়ি দিয়ে বাঁধা ছিল। প্রাথমিকভাবে মোট ৩২ টি মহিষের মধ্যে ৯টি মহিষ জীবিত এবং ২৩টি মৃত অবস্থায় উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। কনটেনাটিকে রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনটেনারটি উত্তরপ্রদেশের।চালক ও খালাসি পালিয়ে যাওয়ায় তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।





