শিলিগুড়ি,২২ সেপ্টেম্বরঃ চিনি ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি গুরুত্বপূর্ণ শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটকে নতুনভাবে সাজিয়ে তোলা হবে।মঙ্গলবার রেগুলেটেড মার্কেটে গুরুত্বপূর্ণ বৈঠকের পর একাধিক পরিকল্পনার কথা জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিন বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দফতরের সচিব অভিনব চন্দ্র, এসডিও, ডিএম-সহ বাজারের ব্যবসায়ীরা।
এদিনের বৈঠকে শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের বর্তমান পরিকাঠামো নিয়ে একাধিক সমস্যা উঠে আসে।রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা, বাজারের প্রবেশ ও বেরোনোর পথ সহ নানান সমস্যা রয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী দিলীপ ঘোষ জানান, বাজারের ভেতরে তৈরি হতে পারে প্রসেসিং সেন্টারও। থার্মোকল-সহ অন্যান্য বর্জ্যের জন্য পৃথক প্রসেসিং ইউনিট তৈরির চিন্তাভাবনাও চলছে।
বর্তমানে বর্জ্য সরাতে পুরসভার কর্মীদের টাকা দিতে হয় ব্যবসায়ীদের। বাজারের ভেতরেই বর্জ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা চালু হলে সেই খরচ কমার পাশাপাশি প্রক্রিয়াজাত বর্জ্য থেকে আয় করার সুযোগ তৈরি হতে পারে বলে জানান মন্ত্রী। একইসঙ্গে বাজারে উন্নত পানীয় জলের ব্যবস্থাও করা হবে।বাইরে থেকে আসা ট্রাকচালকদের জন্যও তৈরি হতে পারে বিশ্রামাগার।পাশাপাশি বাজারে কোল্ড স্টোর তৈরির পরিকল্পনাও রয়েছে।
এদিন রেগুলেটেড মার্কেটে আরও দুটি বৈঠক হয় একটি পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে এবং অন্যটি চিনি ব্যবসায়ীদের সঙ্গে। পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করে চলতি মাসের মধ্যেই প্রায় ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।অন্যদিকে চিনির দাম কমিয়ে চলতি মাসের মধ্যেই ৫০ টাকা বা তার নিচে কেজি দরে চিনি বাজারে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।





