শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির নয়া বাজার অগ্রসেন রোড এলাকায় একটি সোনার দোকানের শাটার ভেঙে প্রায় ৮ লক্ষ টাকা চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করলো খালপাড়া ফাঁড়ির পুলিশ।ধৃতের নাম শিব চৌধুরী।
জানা গিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সকালে নয়া বাজার অগ্রসেন রোডে অবস্থিত একটি সোনার দোকানের শাটার ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ করেন, দোকান থেকে নগদ ৮ লক্ষ টাকা চুরি হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে খালপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করে।
এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে হেমন্ত বসু কলোনি এলাকা থেকে শিব চৌধুরীকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বর্তমানে চুরি যাওয়া নগদ টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।





