শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় গিয়ে জঞ্জাল সাফাইয়ের কাজ খতিয়ে দেখলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার।
মঙ্গলবার সকালে সেবক রোড, হায়দরপাড়া সহ একাধিক এলাকায় পরিদর্শন করেন কমিশনার বীর বিক্রম রাই। কোথাও কোথাও কর্মীদের কাজে ঢিলেমি এবং অনুপস্থিতি নজরে আসায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। হায়দরপাড়া এলাকায় পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের পরিস্থিতি নিয়েও খোঁজ নেন তিনি। এদিন সেখানে ৫ নম্বর বরো অফিসার অনুপস্থিত থাকায় তাকে শোকজ করার নির্দেশ দেন কমিশনার।
পাশাপাশি সেবক রোডের একটি এলাকায় নোংরা-আবর্জনা পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট ওয়ার্ডের সুপারভাইজারের বিরুদ্ধেও জরিমানার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, সেবক রোডের বিভিন্ন জায়গায় বেআইনি হোর্ডিং বা বিজ্ঞাপন লাগানোর বিষয়টিও এদিন কমিশনারের নজরে আসে। অভিযোগ, বেআইনি হোর্ডিংয়ের মাধ্যমে পুরনিগমের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় বিজ্ঞাপন বিভাগের কর্মীদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনের সময় বিজ্ঞাপন বিভাগের এক কর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর ওই কর্মীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন পুরনিগমের কমিশনার।





