শিলিগুড়ি,২১ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে ফের বিক্ষোভে সরব হলেন উপভোক্তা মহিলারা।সোমবার শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু মহিলা।
বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য নিয়ম মেনে আবেদন করার পরেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও, বাস্তবে সেই টাকা এখনও বহু উপভোক্তার কাছে পৌঁছয়নি বলে দাবি তাদের।
মহিলাদের আরও অভিযোগ, অনেকের ক্ষেত্রেই আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখাচ্ছে, কিন্তু তবুও টাকা জমা পড়ছে না। বারবার দপ্তরে এসে খোঁজ নিতে বলা হচ্ছে এবং নতুন করে ফর্ম পূরণ করতে বলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এতে প্রতিদিন কাজ ফেলে দপ্তরে আসা সম্ভব নয়, ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে মহিলাদের।
উল্লেখ্য, এর আগেও একই দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখিয়েছিলেন উপভোক্তারা। সোমবার ফের নিজেদের ক্ষোভ উগরে দেন তারা। দ্রুত প্রাপ্য টাকা মেটানো এবং কেন টাকা আটকে রয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা
এদিন দপ্তরের সামনে বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। যদিও শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





