শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ যানজটের সমস্যা কমাতে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে নবনির্মিত রেলওয়ে ওভারব্রিজের একটি অংশ খুলে দেওয়া হল।সাংসদ রাজু বিস্তা এবং রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের উপস্থিতিতে ওভারব্রিজের উদ্বোধন করা হয়।এরপর নতুন ব্রিজের উপর দিয়ে যান চলাচল শুরু হয়।
নতুন ওভার ব্রিজটি চালু হওয়ায় দার্জিলিং মোড়ের যানজট কিছুটা হলেও কমবে আশা করা হচ্ছে।পুরনো ব্রিজটি ভেঙে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়।নির্মাণকাজের কারণে রাস্তাটি সংকীর্ণ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছিল।চালক ও যাত্রীরা প্রায়শই ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতেন।
২০২২ সালে সাংসদ রাজু বিস্তার উদ্যোগে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি বালাসন থেকে সেবক আর্মি ক্যাম্প পর্যন্ত চার লেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।এই প্রকল্পের অধীনে দার্জিলিং মোড়ের পুরনো ব্রিজটি সরিয়ে একটি নতুন ব্রিজ তৈরি করা হয়েছে।
সাংসদ রাজু বিস্তা গত সপ্তাহে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শীঘ্রই নতুন ব্রিজ খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার আশ্বাসের পর রবিবার পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দার্জিলিং মোড় পরিদর্শন করেন সাংসদ। এরপরই যান চলাচলের জন্য নতুন ব্রিজ খুলে দেওয়া হয়।
এদিন রাজু বিস্তা বলেন, নতুন ব্রিজ চালু হওয়ার ফলে দার্জিলিং মোড়ের যানজট কমবে। চার লেনের এই প্রকল্পটি ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে।শিলিগুড়িতে একটি রিং রোড সহ অন্যান্য উন্নয়ন প্রকল্প শুরু করার বিষয়েও জানান তিনি।
পূর্তমন্ত্রী অজয় পোদ্দার জানান, এই নির্মাণকাজ সাংসদ রাজু বিস্তার উদ্যোগেই শুরু হয়েছিল।নতুন ব্রিজটি খুলে দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে উন্নয়ন কাজ শেষ করার চেষ্টা করা হবে।





