শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির মাটিগাড়ায় একটি বেসরকারি হোটেলে রোজগার মেলার আয়োজন করা হল।এদিন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান ৮৫ জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন।
এদিন দেশব্যাপী রোজগার মেলার আয়োজন করা হয়েছে।এই রোজগার মেলার মাধ্যমে প্রায় ৫১ হাজারের বেশি যুবক যুবতীকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়।এদিনের অনুষ্ঠানে চিরাগ পাসওয়ান বলেন, দেশের যুবদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি পূরণের জন্য এই রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।নবনিযুক্ত যুবকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সরকারি চাকরির সুযোগ কেবল তাদের ব্যক্তিগত জীবনকেই বদলে দেবে না, দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এদিন কংগ্রেস প্রার্থীর গ্রেফতারী সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিরাগ পাসওয়ান বলেন, গ্রেফতার আইনি প্রক্রিয়ারই একটি অংশ। যদি কোনো ব্যক্তি নির্দোষ হন, তবে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যদি কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হন, তবে ভারতীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





