শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ এনজেপি স্টেশনে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের জেনারেল কোচ থেকে চার রোহিঙ্গাকে আটক করলো আরপিএফ।তাদের মধ্যে দুজন নাবালক।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এই চারজনকে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মায়নমারের বাসিন্দা বলে পরিচয় দেয়। এদিন গোপন সূত্রে আরপিএফ এর কাছে খবর আসে যে, ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের জেনারেল কোচে কিছু রোহিঙ্গা আসছে।এই তথ্যের ভিত্তিতে এনজেপি স্টেশনে নজরদারি শুরু করে আরপিএফ।
শুক্রবার ট্রেনটি এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আরপিএফ জেনারেল কোচে তল্লাশি অভিযান চালায়।সেইসময় সন্দেহজনক চারজনকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি।আটক চারজনের নাম মহম্মদ সালাম, মহম্মদ সুফায়েদ, মফিজুর রহমান এবং জয়নুব বিবি।মফিজুর রহমান এবং জয়নুব বিবি নাবালক।
আরপিএফ সূত্রে খবর, আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা। এরপর বদরপুর থেকে ট্রেনে করে দিল্লি এবং সেখান থেকে পাঞ্জাবের মোহালিতে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।
পরবর্তীতে চারজনকে এনজেপি জিআরপি-র কাছে হস্তান্তর করা হয়।এরপর জিআরপি অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করে।





