শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বর: মাটিগাড়ার তুম্বাজোতে চুরির কিনারা, গ্রেফতার দুই চোর এবং চুরি করা সামগ্রী কেনার অভিযোগে গ্রেফতার আরও এক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর মাটিগাড়া থানার অন্তর্গত তুম্বাজোত এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির সদস্যরা কোনও কাজে বাইরে গিয়েছিলেন।
সেই সুযোগে চোরের দল বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে একটি ল্যাপটপ, সোনা-রুপোর গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়ে যায়।কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান।এরপরই চুরির বিষয়টি সামনে আসে। ঘটনার পর মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।জিজ্ঞাসাবাদের পর দুই অভিযুক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, চুরি করা সামগ্রী মাটিগাড়া এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছিল।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি করা সামগ্রী কেনার অভিযোগে সেই ব্যক্তিকেও গ্রেফতার করে।উদ্ধার হয় চুরির সামগ্রী।ধৃতদের নাম পঙ্কজ রায়, সাউথ আম্বেদকর কলোনির বাসিন্দা এবং কমল রায়, সন্তোষী নগরের বাসিন্দা।
চুরি করা সামগ্রী কেনার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সহজামাল শেখ।তিন অভিযুক্তকেই শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





