শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ তেরাপন্থ যুবক পরিষদ, শিলিগুড়ির পক্ষ থেকে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী মেগা ব্লাড ডোনেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে। অখিল ভারতীয় তেরাপন্থ যুবক পরিষদের নির্দেশনা ও সহযোগিতায় এই বিশেষ রক্তদান কর্মসূচি আয়োজিত হবে।
এই উদ্যোগের মূল লক্ষ্য স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করা এবং হাসপাতাল ও চিকিৎসাধীন রোগীদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ রক্তের জোগান নিশ্চিত করতে সহযোগিতা করা। পাশাপাশি নিয়মিত রক্তদানের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তেরাপন্থ যুবক পরিষদ, শিলিগুড়ির সভাপতি হেমন্ত কুমার বৈদ বলেন, সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে সমাজসেবার বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেই বার্তাও তুলে ধরা হবে।সমাজের বৃহত্তর স্বার্থে এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।





