শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ বাড়ি ফাঁকা থাকার সুযোগে তালা ভেঙে সোনার অলঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতরা হল আকাশ সাহা এবং বিজয় কুমার দাস। দুজনই শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, শিলিগুড়ির অরবিন্দপল্লির বাসিন্দা কল্পনা সাহা গত ৭ সেপ্টেম্বর শহরের বাইরে যান।১০ সেপ্টেম্বর বাড়ি ফিরে দেখতে পান, বাড়ির দরজার তালা ভাঙা।দরজা খুলে ঘরে ঢুকতেই আলমারিও ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।এরপরই চুরির বিষয়টি বুঝতে পারেন।
কল্পনা সাহার অভিযোগ, তার বাড়ি থেকে প্রায় ২৫ গ্রাম সোনার অলঙ্কার এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ।আজ তাদের শিলিগুড়ি আদালত পেশ করা হয়।





