শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হল।
জানা গিয়েছে, শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে গোটা বছর জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। খেলাধুলা থেকে শুরু করে সামাজিক নানা উদ্যোগের মাধ্যমে এই বিশেষ বর্ষ পালন করছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতি মাসে একটি করে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
সেই কর্মসূচির অংশ হিসেবেই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত হল আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। এদিন এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।
টুর্নামেন্টে মোট ১৬টি ছেলেদের দল এবং ৮টি মেয়েদের দল অংশগ্রহণ করেছে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে এবং আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী দিনগুলোতেও আরও নানা আকর্ষণীয় কর্মসূচির আয়োজন করা হবে।





