শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে অবৈধ কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করলো মাটিগাড়া থানার পুলিশ।ধৃতের নাম সৈকত সিনহা রায়।মাটিগাড়া থানার একটি বিশেষ দল গতকাল কলকাতায় একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৈকত সিনহা রায় আন্তর্জাতিক প্রতারণা চক্রের মূল পান্ডা।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সম্প্রতি ওয়েবেল আইটি পার্কের ফেজ ২-এ অভিযান চালিয়ে অবৈধ কল সেন্টারের পর্দাফাঁস করে, নয়জনকে গ্রেফতার করে এবং দুটি অফিস সিল করে দেয়।
গ্রেফতার অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সৈকত সিনহা রায় কলকাতা থেকে পুরো চক্রটি নিয়ন্ত্রণ করতেন। পুলিশের মতে, একটি কল সেন্টারের আড়ালে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা করা হয়েছিল, যার মূল লক্ষ্য ছিল বিদেশি নাগরিকরা।
তদন্তে জানা গিয়েছে, পুলিশের নজর এড়াতে অভিযুক্ত ঘন ঘন কল সেন্টারের অফিস এবং ভাড়া করা বাসস্থান পরিবর্তন করত। পুলিশের প্রাথমিক তদন্তের পর গ্রেফতার হওয়া ৯ অভিযুক্তের মধ্যে সাতজনের জামিন হয়।বাকি দুই অভিযুক্তকে পাঁচ দিন ধরে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে করে সৈকতের অবস্থান এবং পুরো চক্র কীভাবে পরিচালিত হতো সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপর মাটিগাড়া থানার একটি বিশেষ দল কলকাতায় গিয়ে মূল পান্ডাকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে আসে। অভিযুক্তকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে।





