শিলিগুড়ি: বর্ধমান রোডে উড়ালপুলের নীচে রাস্তা দখল করে অবৈধভাবে দোকান বসানোর অভিযোগে রবিবার সকালে বড়সড় অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগম। পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বর্ধমান রোডে নতুন উড়ালপুলের নিচে অভিযান চালানো হয়। অভিযানে উড়ালপুলের নীচে থাকা বেশ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।
এদিন সকালে মহাত্মা গান্ধী মোড় থেকে অভিযান শুরু করে বর্ধমান রোডে উড়ালপুলের শেষ প্রান্ত পর্যন্ত চলে পুরনিগমের উচ্ছেদ অভিযান। অভিযোগ, উড়ালপুলের নিচে রাস্তা দখল করে বেশ কিছু দোকান অবৈধভাবে গড়ে উঠেছিল। যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় সমস্যার পাশাপাশি সরকারি জায়গা দখলের অভিযোগও ছিল।
অভিযান শুরু হতেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকান ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীদের একাংশ। তাঁদের অভিযোগ, পুরনিগমের তরফে আগে থেকে তাঁদের কোনওরকম নোটিশ বা পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। হঠাৎ করে রবিবার সকালে অভিযান চালানোয় তাঁরা সমস্যায় পড়েছেন বলে দাবি করেন ব্যবসায়ীরা।
অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী নিজেদের দোকানের সামগ্রী সরিয়ে নিয়ে যান। অন্যদিকে, পুরনিগমের কর্মীরা পুলিশ বাহিনীর উপস্থিতিতে একের পর এক অবৈধ দোকান সরিয়ে দেন।
পুরনিগমের এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের ক্ষোভের মধ্যেই সরকারি জায়গা দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়েছে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে।





