শিলিগুড়ি, ১৪ সেপ্টেম্বরঃ রাজ্যে পালাবদলের পর বিজেপিকে ঘিরে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণ হয়নি বলে অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সোমবার শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।
মহম্মদ সেলিমের দাবি, রাজ্যের উন্নয়ন ও মানুষের সমস্যা সমাধানের পরিবর্তে বিজেপি নাম পরিবর্তন সহ বিভিন্ন ইস্যু নিয়ে ব্যস্ত রয়েছে। পাশাপাশি তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া সাংসদদের নিয়েও কটাক্ষ করেন তিনি। তার অভিযোগ, রাজনৈতিক সুবিধার জন্য দলবদল চলছে এবং বিজেপি অর্থের বিনিময়ে জনপ্রতিনিধি কেনার রাজনীতি করছে।
শিলিগুড়ি পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়েও সরব হন সেলিম। তার অভিযোগ, রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যেই বেশ কিছু ওয়ার্ড ভাঙা হয়েছে। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে বলে জানান তিনি। পুর নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি বলেও স্পষ্ট করেন সিপিএম এর রাজ্য সম্পাদক।
এদিন দুর্গাপুজোর সময় বামেদের স্টল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যেরও সমালোচনা করেন সেলিম। একইসঙ্গে উৎসবের আগে উচ্ছেদ অভিযান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে না জেনেই বিজেপি একাধিক সিদ্ধান্ত নিচ্ছে। রেজিনগর উপনির্বাচনে বাম জোটে কোনও ফাটল নেই বলেও এদিন দাবি করেন মহম্মদ সেলিম।





