শিলিগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে প্রথমবার ১০০ কেজি সোনার সাজে সেজে উঠতে চলেছেন মা দুর্গা। তবে এই ১০০ কেজি সোনার সাজ শুধু মা দুর্গার জন্য নয়।১০০ কেজি সোনার মধ্যেই দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে সাজানো হবে।মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ৬৪তম বর্ষের এই বিশেষ আয়োজনের কথা জানালেন সেন্ট্রাল কলোনি দুর্গাপুজো কমিটি।
প্রতি বছরই দুর্গাপুজোয় নতুন কিছু চমক নিয়ে আসে সেন্ট্রাল কলোনি। এবার সেই আয়োজন আরও বড় আকারে। সেনকো গোল্ডের সহযোগিতায় তৈরি হচ্ছে মোট ১০০ কেজি সোনার বিশেষ সাজ, যার মধ্যেই সেজে উঠবেন দুর্গা-সহ কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী। পাশাপাশি বালুরঘাটের বিখ্যাত শিল্পীর হাতে তৈরি হচ্ছে পুজোর মন্ডল। চন্দননগরের শিল্পীদের তৈরি চোখধাঁধানো আলোকসজ্জাও এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে।
তবে এবছর পুজোর স্থান পরিবর্তন হয়েছে। এতদিন যে জায়গায় সেন্ট্রাল কলোনির পুজো হয়ে আসছিল, সেখানে রেলের তরফে ক্রিকেট মাঠ তৈরির কাজ হচ্ছে। সেই কারণে আগের পুজোর স্থান থেকে প্রায় ২০০ মিটার দূরে নিউ জলপাইগুড়ি থানার পার্শ্ববর্তী একটি মাঠে এবছর পুজোর আয়োজন করা হয়েছে। স্থান বদলালেও আয়োজন ও চমকের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছে না পুজো কমিটি।
১০০ কেজি সোনার সাজে সজ্জিত প্রতিমা দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে। তাই নিরাপত্তাতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। মণ্ডপের প্রায় ৮ ফুট আগে থেকেই ব্যারিকেড করা হবে। গোটা চত্বর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে।
একাধিক নিরাপত্তারক্ষী ও বেসরকারি নিরাপত্তাকর্মী মোতায়েনের পাশাপাশি রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও থাকবে। মন্ডপের পেছনেও পৃথক ব্যারিকেড করা হবে।
ইতিমধ্যেই এই বিশেষ পুজোকে ঘিরে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ ও বিধায়ক-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।পুজোর প্রায় এক সপ্তাহ আগে উদ্বোধকের নাম ঘোষণা করা হবে। তৃতীয়ার দিন সন্ধ্যা ৬টায় হবে পুজোর উদ্বোধন।
১০০ কেজি সোনার এই নজিরবিহীন সাজকে ঘিরে ইতিমধ্যেই শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। পুজোর সময় শহরে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় দর্শনার্থীদের বড় অংশই এই পুজো দেখতে ভিড় করবেন বলে আশা উদ্যোক্তাদের।





