শিলিগুড়ি,১৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির আশিঘর ফাঁড়ি এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল।ঘটনায় মৃতার নাবালক প্রেমিককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সকালে নাবালিকার বাড়িতে কেউ ছিল না।নাবালিকার মা বাড়ি ফিরে দেখেন বাড়ির মূল গেট বন্ধ রয়েছে।দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া পাননি।এরপর প্রতিবেশীদের সহায়তায় অন্য দিক দিয়ে বাড়ির ভেতরে উঁকি দিয়ে দেখেন, মেয়ের মর্মান্তিক পরিণতি।
ঘটনায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করার সময় একটি নোটও উদ্ধার হয়।সেখানে নিজের মৃত্যুর জন্য প্রেমিককে দায়ী করে নাবালিকা।এছাড়াও মা বাবার কাছে ক্ষমাও চায় সে।
পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে পরিবারের পক্ষ থেকে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে নাবালক প্রেমিককে আটক করে পুলিশ।
মঙ্গলবার অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়েছে।গোটা ঘটনার তদন্তে আশিঘর ফাঁড়ির পুলিশ।





