শিলিগুড়ি: সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে রাস্তায়। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে দীর্ঘদিন ধরেই এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে শিলিগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দাদের। এবার ফের একই চিত্র দেখা গেল শহরের টিকিয়াপাড়া মোড় সংলগ্ন এলাকায়। বুধবার কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তার একপাশ জলমগ্ন হয়ে পড়ে। হাইড্রেন উপচে নোংরা জল রাস্তায় উঠে আসার অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, বৃষ্টি হলেই টিকিয়াপাড়া মোড়ের কাছে রাস্তার একাংশে জল জমে যায়। কিছুক্ষণের মধ্যেই জল জমে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পথচারীদের সেই জল পেরিয়েই যাতায়াত করতে হয়। ফলে বৃষ্টির সময় এই এলাকায় স্বাভাবিক যান চলাচল ও পথ চলায় সমস্যার সৃষ্টি হচ্ছে।
সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। তাঁদের অভিযোগ, বৃষ্টির জল জমে যাওয়ার পাশাপাশি অনেক সময় রাস্তার নোংরা জল দোকানের ভিতরেও ঢুকে পড়ে। এর ফলে দোকানের সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি দোকানে ক্রেতাদের আসা-যাওয়াতেও ব্যাঘাত ঘটছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে ব্যবসায়ী মহলে।
স্থানীয়দের দাবি, এলাকার নিকাশি নালাগুলি নিয়মিত পরিষ্কার না হওয়া এবং পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণেই বৃষ্টির সময় জল দ্রুত বেরোতে পারছে না। ফলে হাইড্রেন উপচে জল রাস্তায় চলে আসছে।
শুধু টিকিয়াপাড়া মোড় নয়, শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই জল জমার অভিযোগ দীর্ঘদিনের। কোথাও রাস্তার উপর জল জমছে, আবার কোথাও সেই জল ঢুকে পড়ছে বাড়ি ও দোকানের ভিতরে।





