শিলিগুড়ি ,১৬ সেপ্টেম্বরঃ শিলিগুড়ির অন্যতম ব্যস্ততম বিধান মার্কেটে সন্ধ্যার পর থেকেই রাস্তার বিভিন্ন অংশে একের পর এক অস্থায়ী দোকান ও ভ্যান বসতে শুরু করে। যেকারণে দুর্ভোগে পড়ছেন পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর বিধান মার্কেটের গলিগুলিতে অস্থায়ী দোকানগুলির কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। ভিড়ের মধ্যে দিয়ে পথচারীদের চলাচল করতে হয়। বিশেষ করে পুজোর আগে কেনাকাটার জন্য যখন প্রতিদিন বহু মানুষ বিধান মার্কেটে আসছেন, তখন এই সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
শুধু শিলিগুড়ি শহরের মানুষই নয়, পাহাড়ের বিভিন্ন এলাকা থেকেও বহু মানুষ বিধান মার্কেটে কেনাকাটা করতে আসেন। কেউ আসেন পুজোর বাজার করতে, আবার কেউ কাজের সূত্রে প্রতিদিন এই এলাকায় যাতায়াত করেন।
সাধারণ মানুষের দাবি, ব্যবসায়ীদের জীবিকার বিষয়টিও মাথায় রেখে প্রশাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। রাস্তা ও চলাচলের জায়গা যাতে দখল না হয়, সেদিকে নজর দেওয়ার পাশাপাশি অস্থায়ী দোকানগুলিকে নির্দিষ্ট কোনও জায়গায় সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।





