শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ শহরের একাধিক এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার মিলনপল্লি সেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডেপুটেশন প্রদান করলো ভারতের কমিউনিস্ট পার্টি ৪ নম্বর এরিয়া কমিটি। এদিন বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগ, শিলিগুড়ির দেশবন্ধুপাড়া, টিকিয়াপাড়া, বাবুপাড়া, মিলনপল্লি-সহ বেশ কয়েকটি এলাকায় প্রতিনিয়ত ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হচ্ছে। এরফলে বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।পাশাপাশি বয়স্ক এবং অসুস্থ মানুষকেও সমস্যার মুখে পড়তে হচ্ছে।মেরামতির কাজের কথা বলা হলেও দীর্ঘদিন ধরে এই ধরনের বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা চলতে থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে।
এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় সরকারি গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের উপর বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে এবং কয়েকটি জায়গায় ট্রান্সফরমারও বিপজ্জনক অবস্থায় রয়েছে।ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে ওই এলাকাগুলিতে দ্রুত পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।





