শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ শহরের বিভিন্ন নার্সিংহোমে একাধিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পরিদর্শনে নামলো রাজ্যের স্বাস্থ্য কমিশন। শনিবার শিলিগুড়ির বেশ কয়েকটি নার্সিংহোম পরিদর্শন করেন স্বাস্থ্য কমিশনের আধিকারিকেরা। কমিশনের চেয়ারম্যান বিশ্বজিত বসুর নেতৃত্বেই এই পরিদর্শন অভিযান চালানো হয়।
পরিদর্শনের সময় নার্সিংহোমগুলির পরিকাঠামো, রোগী পরিষেবা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন কমিশনের আধিকারিকেরা। বিশেষ করে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে রোগী ও তাদের পরিজনদের নিরাপদে বেরিয়ে আসার ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। কয়েকটি নার্সিংহোমে ফায়ার সেফটি সিস্টেম এবং আগুন লাগলে বেরিয়ে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান।
শুধু অগ্নিনিরাপত্তা নয়, চিকিৎসকদের পরিচয় ও নথিপত্র সংক্রান্ত বিষয়েও অসঙ্গতি নজরে আসে। পরিদর্শনের সময় বেশকিছু জায়গায় চিকিৎসকদের নামের পাশে তাদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়নি বলে অভিযোগ।রোগীদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে প্রদর্শনের বিষয়েও কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
এছাড়াও নার্সিংহোমগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান।কয়েকটি জায়গায় শৌচালয় অপরিষ্কার অবস্থায় পাওয়া যায় বলে জানা গিয়েছে।রোগীদের পাশাপাশি তাদের আত্মীয়-পরিজনদের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকায়ও ক্ষোভ প্রকাশ করেন কমিশনের আধিকারিকেরা।
স্বাস্থ্য কমিশনের এই পরিদর্শনে নার্সিংহোম কর্তৃপক্ষকে একাধিক ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীদের নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়।
পরিদর্শন শেষে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিশ্বজিত বসু বলেন, নার্সিংহোমগুলিতে বেশকিছু অনিয়ম নজরে এসেছে। সেগুলি সংশোধন করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। ফায়ার সেফটি, জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার ব্যবস্থা, চিকিৎসকদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানীয় জলের মতো বিষয়গুলিতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।
তিনি আরও জানান, আপাতত ভুলগুলি সংশোধনের জন্য নার্সিংহোম কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী ত্রুটিগুলি ঠিক করা না হলে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।





