ফুলবাড়ি, ১৯ সেপ্টেম্বরঃ উত্তরকন্যায় দার্জিলিং-কালিম্পং জেলাকে নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী দিলীপ ঘোষ।বৈঠকে পাহাড় ও ডুয়ার্সের উন্নয়নমূলক কাজ, পঞ্চায়েতের পরিস্থিতি, জিটিএ-র কার্যক্রম এবং কর্মী ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বৈঠক ভালো ও বিস্তারিত হয়েছে। তবে বেশ কিছু জায়গায় আশানুরূপ কাজ হয়নি। পাহাড়ে কিছু সমস্যা, জিটিএ-তে কর্মী ঘাটতি এবং অতিরিক্ত বৃষ্টির কারণে উন্নয়নমূলক কাজের গতি কিছুটা কমেছে বলে জানান তিনি। প্রতিটি বিডিও-র সঙ্গে কথা বলে সমস্যাগুলি চিহ্নিত করা হয়েছে এবং আগামীদিনে কাজের গতি বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, দুর্নীতি সব জায়গায় আছে। অভিযোগ পাওয়া প্রায় ১০ শতাংশ পঞ্চায়েতে বিশেষ অডিট করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি জিটিএ-তেও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। প্রয়োজনীয় কর্মী ও পরিকাঠামোর ঘাটতি পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন উপনির্বাচন নিয়েও প্রশ্ন ওঠে। উপনির্বাচন ও দলবদল প্রসঙ্গে প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, যে কেউ মনোনয়ন জমা দিতে পারেন, এখনও সময় রয়েছে। কোন দলের কী সমস্যা, তার দায়িত্ব বিজেপির নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলার মানুষ বিজেপির কাছ থেকে উন্নয়ন চাইছেন দাবি করে দিলীপ ঘোষ বলেন, উপনির্বাচনের ফলও সেই দিকেই যাবে এবং বিপুল ভোটে আমরা জিতব।





