শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ প্রাতঃভ্রমণে বেরিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
সোমবার সকালে শিলিগুড়ি কলেজ মাঠে প্রাতঃভ্রমণ করতে দেখা যায় তাকে।সেখানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের বিভিন্ন কথা শোনার পাশাপাশি নানা বিষয়ে খোঁজখবরও নেন।পরে মাঠের কাছেই একটি চায়ের দোকানে বসে চা পান করেন মন্ত্রী।
এদিন যাদবপুরে সিপিএমের পার্টি অফিস এবং এক প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, বিজেপি বর্তমানে মানুষের জন্য কাজ করতে ব্যস্ত। তার দাবি, “যাদের কোনও কাজ নেই, তারাই এসব করছে। আমাদের কাছে অত সময় নেই।”
একইসঙ্গে হুমায়ুন কবীরকে নিশানা করে তিনি বলেন, “অনেক হুংকার দেখেছি। বাবরি মসজিদ তৈরি করবে বলেছিল। টাকাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু সেই মসজিদ আর তৈরি হয়নি। সেখানকার মানুষের বিষয়টি বোঝা উচিত।”
বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়েও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার বক্তব্য, মানুষ বিরোধীদের বহু জায়গা দিয়েছে। কিন্তু বিরোধীরা নিজেরাই সেই জায়গা ধরে রাখতে পারছে না। এর জন্য সাধারণ মানুষ কিংবা বিজেপি দায়ী নয় বলেও মন্তব্য করেন তিনি।





