শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বরঃ গভীর রাতে নামী শপিং মলের বাইরে অভিযান চালালো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ এবং উত্তরায়ণ ফাঁড়ির পুলিশ।লাঠি নিয়ে মলের আশেপাশের এলাকায় টহল দিতে দেখা যায় পুলিশ কর্মীদের।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে গভীর রাতে পাব ও বার থেকে মদ্যপ অবস্থায় বের হওয়ার পর মল চত্বরে ও তার আশেপাশের এলাকায় মারধর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।রাস্তায় প্রকাশ্যে অশ্লীলতার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল। এরপরই নজরদারি বাড়িয়েছে পুলিশ।
নির্ধারিত সময়ের পরেও খোলা থাকা পাব ও বারগুলো বন্ধ করানোর পাশাপাশি যারা বাইরে বের হচ্ছিলেন তাদের উপরও নজরদারি রাখে পুলিশ।গভীর রাতে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করতে দেখা গেলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান আগামীদিনেও চলবে।নির্ধারিত সময়ের পরে নিয়ম লঙ্ঘনকারী পাব ও বার এবং গভীর রাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





