শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ কালিম্পংয়ে আয়োজিত পঞ্চম ইন্দো-নেপাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ ৭০ কেজি বিভাগে সোনা জিতলেন শিলিগুড়ির ঘোগোমালির বাসিন্দা গোবিন্দ সরকার।শুধু পদক নয়, প্রতিযোগিতায় তার পারফরম্যান্সের জন্য মিলেছে ‘বেস্ট ফাইটার’ এর স্বীকৃতিও।
জানা গিয়েছে, কালিম্পংয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও নেপাল ও বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন।প্রায় ৩১০ জন প্রতিযোগীর মধ্যে চলে লড়াই।অবশেষে মেলে সাফল্য।
গোবিন্দ কিক বক্সিং, ক্যারাটে এবং মিক্সড মার্শাল আর্টস-তিন ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে অনুশীলন করে আসছেন। এর আগে সাউথ এশিয়া কাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার নজিরও রয়েছে তার।বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কাজ করার পাশাপাশি শিলিগুড়িতে প্রশিক্ষণ দেন তিনি। এদিকে নিজের প্রশিক্ষণ, প্রতিযোগিতায় অংশগ্রহণ সহ যাবতীয় খরচ বহন করতে হয় নিজেকেই।
গোবিন্দ জানান, সরকারি সহযোগিতা পেলে আন্তর্জাতিক স্তরে আরও বেশি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে। আগামীদিনে আরও ম্যাচ খেলে দেশের পাশাপাশি শিলিগুড়ির নামও আরও উজ্জ্বল করতে চান তিনি।





