রাজগঞ্জ, ২২ সেপ্টেম্বরঃ বাঁশঝাড় থেকে উদ্ধার হল প্রায় ১৩ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নাকুগছ গ্রামে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা বাঁশঝাড়ের মধ্যে বিশাল আকৃতির অজগরটিকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই অজগরটিকে দেখতে গ্রামে প্রচুর মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের নজরে আসার পর সাপটি বাঁশঝাড়ের মগডালে উঠে যায়। এরপর খবর দেওয়া হয় আমবাড়ি রেঞ্জের বনকর্মীদের।
খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বাঁশঝাড়ের মগডালে উঠে থাকা অজগরটিকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় তাদের। পরে বেশ কয়েকটি বাঁশ কেটে এবং সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অজগরটি সুস্থ রয়েছে এবং এর দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট। উদ্ধার করা অজগরটিকে প্রথমে আমবাড়ি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হবে। এরপর বন দফতরের নিয়ম মেনে উপযুক্ত জঙ্গলে সাপটিকে ছেড়ে দেওয়া হবে।





