শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত এলাকা এসএফ রোড। প্রতিদিনই এই রাস্তা দিয়ে প্রচুর মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার ধারে নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা দখল করে একের পর এক দোকানপাট বসায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। ফলে যেখানে গাড়ি দাঁড়ানোর কথা, সেই জায়গাতেই হচ্ছে দোকান, যার জেরে পথচারীদের রাস্তার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে।
শহরে যানজট নিয়ন্ত্রণ এবং পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রশাসন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ফুটপাত ও রাস্তার ধারের অবৈধ দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় দোকানদারদের সরিয়ে দেওয়া হয়, রাস্তা ও ফুটপাত খালি করার উদ্যোগ নেওয়া হয় এবং বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অভিযোগ, অভিযান শেষ হওয়ার কিছুদিন পরেই বহু জায়গায় আবারও ফিরে আসে পুরনো চিত্র।
এসএফ রোডের ক্ষেত্রেও একই ছবি সামনে আসছে।রাস্তার ধারে যে অংশে সাধারণ মানুষের চলাচল এবং গাড়ি পার্কিংয়ের জন্য থাকার কথা, সেই জায়গায় চলছে দোকান।আর এর জেরে পথচারী মানুষকে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হচ্ছে।





