শিলিগুড়ি, ২২ সেপ্টেম্বরঃ মাটিগাড়া থানার অন্তর্গত শিবমন্দির এলাকায় অভিযান চালিয়ে ২৬৫ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর যৌথ দল। ধৃতের নাম তারিকুল শেখ। সে মালদা জেলার কালিয়াচকের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিবমন্দিরের সারদাপল্লি এলাকায় অভিযান চালানো হয়। সেই সময় সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকা তারিকুল শেখকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় ২৬৫ গ্রাম ব্রাউন সুগার।এরপরই গ্রেফতার করা হয় তাকে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে, মালদা থেকে ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়িতে এসেছিল অভিযুক্ত। এখানে কোনও এক ব্যক্তির কাছে মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল তার।
ধৃতের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়। বুধবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।





