শিলিগুড়ি, ২৩ সেপ্টেম্বরঃ নিম্নচাপের প্রভাবে বুধবার সকাল থেকেই শিলিগুড়ি ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টির জেরে প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে।শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টির জেরে জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে।
এদিকে সমতলের পাশাপাশি পাহাড়ি এলাকাতেও ব্যাপক বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে। এরফলে পাহাড়ি নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় নদীগুলির পরিস্থিতির উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চলগুলিতে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।
বৃষ্টির কারণে কোথাও জলমগ্ন পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, কিংবা নদীর জলস্তর বাড়ছে কি না, তা নিয়েও নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি যেকোনও ধরনের আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা দল সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির খবর মিললেও এখনও পর্যন্ত নতুন করে কোথাও ধস নামার খবর পাওয়া যায়নি।নিম্নচাপের প্রভাবে আগামীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে পাহাড়ি নদী, নীচু এলাকা এবং ধসপ্রবণ অঞ্চলে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।





