শিলিগুড়ি,২৫ সেপ্টেম্বরঃ চা বাগানের শ্রমিকদের বোনাস, বন্ধ চা বাগান পুনরায় চালু করা এবং শ্রমিকদের বকেয়া টাকা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুক্রবার শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অর্জুন সিং, চা বাগান সংস্থাগুলির প্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।বৈঠকে একাধিক বিষয়ে কড়া বার্তা দেন মন্ত্রী অর্জুন সিং।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অর্জুন সিং জানান, চা শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ১৯টি চা বাগান সংস্থা শ্রমিকদের বোনাস দিয়ে দিয়েছে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা চা বাগানগুলি নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী।তিনি বলেন, অতীতে একাধিক ভুল চুক্তি ও সিদ্ধান্তের কারণে বহু চা বাগান সমস্যায় পড়েছে। বিভিন্ন সংস্থার বিরুদ্ধে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী রাজ্য বিমার টাকা জমা না দেওয়া, শ্রমিকদের পাওনা না মিটিয়ে চলে যাওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে।
বন্ধ চা বাগানগুলিতে বেআইনিভাবে চা পাতা বিক্রির অভিযোগ নিয়েও এদিন কড়া পদক্ষেপের কথা জানান মন্ত্রী।বিষয়টি নজরদারির জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। কোন বন্ধ চা বাগান থেকে কীভাবে চা পাতা বিক্রি হচ্ছে, সেই বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
চা বাগান শিল্পকে পুনরুজ্জীবিত করতে নতুন সংস্থাগুলিকেও সুযোগ দেওয়ার কথা জানান অর্জুন সিং।তিনি বলেন, ভালো সংস্থা বা উদ্যোক্তারা যদি বাগান চালাতে চান এবং আগের বকেয়া পরিশোধ করে আসেন, তাহলে সরকার তাদের নতুন প্রস্তাবের ভিত্তিতে কাজ করার সুযোগ দেবে।





