শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বর: শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় টোটো চলাচল সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হল শিলিগুড়ি বাজার ডাবগ্রাম ফুলবাড়ি ই-রিক্সা টোটো ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠনের পক্ষ থেকে শিলিগুড়ির এসডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
সংগঠনের দাবি, টোটো চালকদের বিভিন্ন সমস্যা এবং সংগঠনের একাধিক বিষয় প্রশাসনের নজরে আনতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও অনুমতির জন্যও এসডিও-র কাছে আবেদন জানানো হয়েছে।
সংগঠনের সদস্যদের বক্তব্য, বর্তমানে বেশকিছু টোটোতে রোড নম্বর বসানোর ফলে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। তবে এখনও কিছু টোটোচালক নিজেদের নির্দিষ্ট রুট ছেড়ে অন্য রুটে টোটো নিয়ে প্রবেশ করছেন বলে অভিযোগ। এই বিষয়টি প্রশাসনকে নজরদারির আওতায় আনার আবেদন জানিয়েছে সংগঠন।
এছাড়াও নম্বরবিহীন টোটো নিয়ে প্রশাসনের অভিযানের প্রসঙ্গও স্মারকলিপিতে তুলে ধরা হয়েছে। সংগঠনের প্রশ্ন, প্রশাসনের পক্ষ থেকে যেখানে নম্বরবিহীন টোটো আটক করা হচ্ছে, সেখানে আদালতের নির্দেশিকা অমান্য করে কীভাবে কিছু টোটো শোরুম থেকে নম্বরবিহীন টোটো বিক্রি হচ্ছে? এই বিষয়ে দ্রুত তদন্ত করে বেআইনি টোটো বিক্রির সঙ্গে যুক্ত শোরুমগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠন।





