ফুলবাড়ি, ২২ নভেম্বরঃ সাইকেলে করে কাজে যাওয়ার পথে দুর্ঘটনা।মালবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম ব্যক্তি। রবিবার সকালে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির আমাইদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম গৌরাঙ্গ বর্মন। তিনি ফাঁসিদেওয়া ব্লকের রহমোজোত এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ফুলবাড়ির দিক থেকে সাইকেল নিয়ে জটিয়াকালির দিকে যাচ্ছিলেন গৌরাঙ্গবাবু। সেইসময় একটি বড় মালবাহী গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়। গাড়ির ধাক্কায় সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক আউটপোস্টের পুলিশ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে ঘাতক মালবাহী গাড়িটিকে আটক করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।





