শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ শিলিগুড়িতে সোনা চুরির ঘটনায় গ্রেফতার ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপির যুব নেতা। ধৃতের নাম নয়ন সরকার। ডাবগ্রাম-ফুলবাড়ি ৩ নম্বর মন্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক।ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। তাদের মধ্যে একজন নাবালক।
অভিযোগ, সোনা-সহ লক্ষাধিক টাকার চুরির ঘটনায় জড়িত নয়ন সরকার। পুলিশ সূত্রে খবর, চুরির অভিযোগ জমা পড়ার পরই তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। অভিযান চালিয়ে প্রথমে নয়ন সরকার সহ দুজনকে গ্রেফতার করা হয়।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে হাসমি চকের একটি সোনার দোকানের মালিক অয়ন মাইতিকে গ্রেফতার করে পুলিশ।তিনি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
অন্যদিকে দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠায় নয়ন সরকারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।





