শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ অবৈধভাবে ভারতে প্রবেশ করে ট্রেনে চেপে হায়দরাবাদ যাওয়ার চেষ্টা করছিলেন এক বাংলাদেশী মহিলা। কিন্তু শেষরক্ষা হল না। এনজেপি রেল স্টেশনে একটি ট্রেনের জেনারেল কামরা থেকে বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করলো রেল পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে মহিলাকে গ্রেফতার করে। ধৃতের নাম ওদেরা আখতার। বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১৭ নভেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে মহিলা। এরপর গুয়াহাটি থেকে ট্রেনে উঠে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মহিলাকে জলপাইগুড়ির হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।





