শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ রোগী পরিবহণের কাজে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সকেই ব্যবহার করা হচ্ছিল মদ পাচারের কাজে। ভক্তিনগর আবগারি দফতরের অভিযানে এই পাচারচক্রের পর্দাফাঁস হল। বেঙ্গল সাফারির কাছে ১০ নম্বর জাতীয় সড়কে একটি অ্যাম্বুল্যান্সে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে ৭৩৫ লিটার বিদেশি মদ। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ ৫৭ হাজার টাকা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন অ্যাম্বুল্যান্সটিকে আটক করে আবগারি দফতরের আধিকারিকরা। তল্লাশিতে অ্যাম্বুল্যান্সের ভেতরে গোপন চেম্বারের সন্ধান মেলে। সেখান থেকেই বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে অনুমান, সিকিম থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক রাকেশ কুমার এবং সহকারী অভিষেক কুমারকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুজনই বিহারের বাসিন্দা।
ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। এই পাচারচক্রে আরও কারা জড়িত এবং বিহারের কোথায় মদ পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন আবগারি দফতরের আধিকারিকরা।





