শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ রাতে টোটোতে চেপে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালায় বাইক আরোহী দুই দুষ্কৃতি। ঘটনার মাত্র দুঘণ্টার মধ্যে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করলো পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম রাকেশ গোস্বামী। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করার পাশাপাশি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত কালো রঙের বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টিলা রূপা ছেত্রী শিলিগুড়ির একটি হোটেলে রিসেপশনিস্টের কাজ করেন। বৃহস্পতিবার রাতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম এলাকায় টোটোতে করে বাড়ি ফেরার সময় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী চলন্ত টোটো থেকে তার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। ব্যাগে প্রায় সাত হাজার টাকা নগদ এবং একটি মোবাইল ফোন ছিল।
ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও গোপন সূত্রের ভিত্তিতে বিধান মার্কেট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।





