ফুলবাড়ি, ২০ নভেম্বরঃ একই রাতে পরপর চারটি বাড়িতে চুরি। বাড়ির মন্দিরে হানা দিয়ে কাঁসা-পিতলের বাসনপত্র লুট। ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বজিৎ পোদ্দারের বাড়ির কালীমন্দির থেকে প্রায় ৫০ হাজার টাকারও বেশি মূল্যের কাঁসার বাসনপত্র চুরি হয়েছে। একইভাবে বাপি বিশ্বাসের বাড়ির রাধামাধব মন্দির এবং সাবিত্রী বিশ্বাসের বাড়ির লোকনাথ মন্দির থেকেও কাঁসা ও পিতলের বিভিন্ন পুজোর সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
অন্যদিকে ঝুমা দত্তের বাড়িতেও চুরির চেষ্টা চালানো হয়। বাড়ির বাইরে রাখা ভারী লোহার সামগ্রী ব্যাগে ভরে অন্যত্র লুকিয়ে রেখে যায় চোরেরা। তবে সেগুলি নিয়ে যেতে পারেনি বলে জানান পরিবারের সদস্যরা।
শুক্রবার সকালে পরিবারের সদস্যরা মন্দিরে গিয়ে তালা ভাঙা ও বাসনপত্র উধাও হওয়ার বিষয়টি দেখতে পান। তাদের অনুমান, গভীর রাতে দেওয়াল টপকে বাড়িতে ঢুকে এই চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
একই রাতে একাধিক বাড়ির মন্দিরে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার এবং এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।





