শিলিগুড়ি, ২০ নভেম্বরঃ ২৩ বছর বয়সী এক তরুণীর রহস্যজনক মৃ*ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ডাবগ্রাম এলাকায়। মৃতার নাম তানিশা ঘোষ।
জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকার বাসিন্দা হারান ঘোষের মেয়ে তানিশা দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থতায় ভুগছিলেন। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন বলেও জানা গিয়েছে। তার চিকিৎসার জন্য পরিবারের তরফে বিভিন্ন জায়গায় চেষ্টা করা হলেও সুফল মেলেনি। তাকে কেন্দ্র করে পরিবারে প্রায়শই অশান্তি লেগে থাকত বলেও দাবি পরিবারের সদস্যদের।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ তানিশার ঠাকুমা ঘরে গিয়ে তানিশাকে বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পাশের ঘরে থাকা তানিশার দাদা দীপঙ্করকে ডেকে আনেন তিনি। ঘরে এসে দীপঙ্কর দেখেন, বোনের হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে।এরপর তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃ*ত বলে ঘোষণা করে।
অন্যদিকে তানিশার মৃ*ত্যুর পর তার মা দীপশিখা ঘোষ বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছে। তানিশার ঠাকুমা গৌরী ঘোষের অভিযোগ, তার নাতনিকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খু*ন করা হয়ে থাকতে পারে।এই ঘটনায় তানিশার মায়ের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন।
তবে ঠিক কী কারণে তানিশার মৃ*ত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই মৃ*ত্যুর প্রকৃত কারণ সামনে আসবে।





