শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে ভিনরাজ্যের চালবোঝাই ট্রাক আটকে চালককে মারধর এবং তোলাবাজির অভিযোগের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্তকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম অভিজিৎ সিংহ ও সুরজিৎ সিংহ। দুজনই মাটিগাড়া এলাকার পতিরামজোতের বাসিন্দা এবংদুজন সম্পর্কে ভাই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই ঘটনায় মোট তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।তবে এই ঘটনায় মূল অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, রবিবার রাতে শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় ভিনরাজ্যের একটি চালবোঝাই ট্রাক আটক করে তোলাবাজির উদ্দেশ্যে ট্রাকচালককে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়েই রবিবার রাতে তৎপর হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চারচাকা গাড়ি, ট্রাক এবং ট্রাকচালককে থানায় নিয়ে যাওয়া হয়। এরপরই গ্রেফতার করা হয় দুজনকে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উঠছে একাধিক প্রশ্ন।
গোটা ঘটনায় ইতিমধ্যেই নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বিধায়িকা শিখা চ্যাটার্জি। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ অত্যন্ত জরুরি।
বর্তমানে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পলাতক মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি জারি রয়েছে।





