শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ বাবার কাঁধে দেশের সীমান্ত রক্ষার গুরুদায়িত্ব, আর মেয়ের মাথায় উঠলো জাতীয় সাফল্যের মুকুট। শিলিগুড়ির বৈকুণ্ঠপুর পল্লীর মেয়ে নিহারিকা বর্মনের সাফল্যের কাহিনি যেন আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ।
হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণের ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে রাজবংশী সমাজের পাশাপাশি গোটা উত্তরবঙ্গকে গর্বিত করেছে নিহারিকা।
গত ৩১ অক্টোবর গুরুগ্রামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২১ জন প্রতিযোগীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিল নিহারিকা।শেষ পর্যন্ত তার মাথায় ওঠে বিজয়ীর মুকুট। তবে এই সাফল্য একদিনে আসেনি। মডেলিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল স্কুলজীবন থেকেই। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় স্কুলের তরফে শিলিগুড়ির দাগাপুরে আয়োজিত ‘বেঙ্গল নেক্সট টপ মডেল’ শোতে অংশগ্রহণ করেছিল সে।
সেই প্রতিযোগিতায় সেরা আটে জায়গা করে নিয়েছিল। এরপর পড়াশোনা ও অন্যান্য কারণে দীর্ঘদিন এই জগতের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অবশেষে বন্ধুদের উৎসাহ এবং অনুপ্রেরণায় চলতি বছরের মে মাসে ফের মডেলিংয়ের দুনিয়ায় ফিরে আসে নিহারিকা। অংশ নেন ‘মিস নর্থ বেঙ্গল’ প্রতিযোগিতায় এবং সেখানে প্রথম স্থান অধিকার করে। পরবর্তী সময়ে রাজ্যস্তরের নির্বাচন পর্ব পেরিয়ে জাতীয় মঞ্চে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়।
নিহারিকা শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের সেবক রোডের আইটিআই মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুর পল্লীর বাসিন্দা। বাবা সত্যেন জয় বর্মন এসএসবি জওয়ান। পেশাগত দায়িত্বের কারণে বছরের অধিকাংশ সময়ই সীমান্তে থাকতে হয় তাকে।মেয়ের বড় হয়ে ওঠা থেকে শুরু করে পড়াশোনা এবং স্বপ্নপূরণের পথে পাশে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছেন মা তাপসী বর্মন। বর্তমানে শিলিগুড়ি কলেজে পড়াশোনা করছে সে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নিহারিকার স্বপ্ন আরও বড়। জাতীয় স্তরের এই সাফল্যকে আগামীদিনের পথচলার অনুপ্রেরণা হিসেবেই দেখছে সে। ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার ইচ্ছে রয়েছে তার।একইসঙ্গে নিজের রাজ্যের মাটি, উত্তরবঙ্গের সংস্কৃতি এবং রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্য ও পরিচয় দেশের পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরার ইচ্ছা রয়েছে তার।
মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত মা তাপসী বর্মন। মেয়ের স্বপ্নপূরণই এখন তার কাছে সবচেয়ে বড় লক্ষ্য।বাবার সীমান্ত রক্ষার দায়িত্ব আর মেয়ের জাতীয় মঞ্চে সাফল্য, একই পরিবারের এই দুই গর্বের গল্প এখন নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে অনেককে।





