শিলিগুড়ি, ১৬ নভেম্বরঃ গোর্খা সংস্কৃতি, ঐতিহ্য ও সংগীতের বর্ণময় উদযাপনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হল তিনদিনের এমপি দেউসি ভাইলো মহোৎসব ২০২৬ এর।
শিলিগুড়ির মিলনমোড় ফুটবল গ্রাউন্ডে আয়োজিত এই মহোৎসবে প্রতিদিন প্রায় ১৫-২০ হাজারেরও বেশি দর্শকের সমাগম হয়। পাহাড়, তরাই, ডুয়ার্স ও সিকিমের বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতিতে উৎসবের শেষদিনেও ছিল ব্যাপক উন্মাদনা। মহোৎসবের অন্যতম আকর্ষণ ছিল দেউসি-ভাইলো প্রতিযোগিতা।
২০টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে অসমের একটি দল।৫ লক্ষ টাকা পুরষ্কার তুলে দেওয়া হয় তাদের। দ্বিতীয় স্থান অধিকার করে শিলিগুড়ির দল, তাদের পুরস্কার হিসেবে ৩ লক্ষ টাকা ও তৃতীয় স্থান অর্জন করে কালিম্পংয়ের দল, তাদের ২ লক্ষ টাকা দেওয়া হয়।
এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী দলগুলিকেও সম্মানিত করা হয়। তিনদিন ধরে প্রতিদিনই ছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজু লামা অ্যান্ড ব্যান্ড, পূর্ণ রাই অ্যান্ড দাজু-ভাই হারু, দ্য এলিমেন্টস, তৃষ্ণা গুরুং এবং দ্য কল্যাবের সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
বিশেষ করে পূর্ণ রাই অ্যান্ড দাজু-ভাই হারুর পরিবেশনা তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উদ্যোগে প্রথমবার আয়োজিত এই মহোৎসবের উদ্বোধন করেছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং গোলে। উৎসবের সমাপ্তিতে শিল্পী, সাংস্কৃতিক দল, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংসদ।
তার বক্তব্য, এই মহোৎসব পাহাড়, তরাই ও ডুয়ার্সের বিভিন্ন প্রজন্মের শিল্পী ও প্রতিভাদের একই মঞ্চে নিয়ে আসার পাশাপাশি গোর্খা সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে।





