রাজগঞ্জ, ১৫ নভেম্বরঃ আজ রাজগঞ্জের সাহুডাঙ্গিতে ছিন্নমস্তা কালীপুজো। প্রতিবছরের মতো এবারও পুজোর আয়োজন করা হয়েছে।এবছর ৪৪তম বর্ষে পদার্পণ করলো এই পুজো।
আজ সন্ধ্যা থেকেই শুরু হবে পুজোর বিভিন্ন আচার অনুষ্ঠান। তবে এই পুজোর বিশেষত্ব হল, এখানে কোনও পুরোহিত নন, স্থানীয় রীতি মেনে সমাজের ধামি পুজো করে থাকেন। মূল কালীপুজোর সাতদিন পর এই পুজো অনুষ্ঠিত হয়।
সাহুডাঙ্গির আশ্রম ও পাঘালুপাড়ার বাসিন্দাদের যৌথ উদ্যোগে প্রতিবছর এই পুজোর আয়োজন করা হয়।
পুজো কমিটির সদস্যরা জানান, প্রথমদিকে একটি শেওড়া গাছের নিচে পুজো করা হত। পরবর্তীতে সেখানে তৈরি করা হয়েছে স্থায়ী পাকা মন্দির। পুজোর সূচনালগ্ন থেকেই পুরোহিতের পরিবর্তে স্থানীয় ধামির হাতেই পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়ে আসছে।
এই পুজোকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে বিশেষ বিশ্বাস। মানত করলে মনস্কামনা পূর্ণ হয়, এমন বিশ্বাসে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। প্রতিবছর পুজোয় শতাধিক পাঠা এবং পায়রা উৎসর্গ করা হয় বলে জানান উদ্যোক্তারা।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন পুজো উদ্যোক্তারা। এবছর পুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।





