শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ বিশ্ব প্রিম্যাচুরিটি দিবস উপলক্ষে নবজাতকদের স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে পেম্পার্ল হাসপাতালের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক সচেতনতামূলক ওয়াকাথন।
অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের যথাযথ পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তার হাত ধরেই ওয়াকাথনের সূচনা হয়। হাসপাতালের চিকিৎসক, কনসালট্যান্ট, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন বিভাগের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ওয়াকাথনটি হাসপাতাল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
এই উদ্যোগের মাধ্যমে অপরিণত শিশুদের জন্ম, তাদের চিকিৎসা, সঠিক পরিচর্যা এবং নবজাতকদের সুস্বাস্থ্য রক্ষার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।





