শিলিগুড়ি, ১৫ নভেম্বরঃ শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির অন্তর্গত ভোলানাথ পাড়া এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার ভোরে ঘটনাটি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকার কয়েকজন বাসিন্দা একটি ফাঁকা জায়গায় ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
শেষ খবর পাওয়া অবধি মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এলাকায় প্রচুর কারখানা থাকায় তিনি সম্ভবত কোনও কারখানায় কর্মরত ছিলেন।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।





