শিলিগুড়ি, ১৪ নভেম্বর : শিশু দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলো শিলিগুড়ি মহিলা থানা। পড়াশোনার পাশাপাশি শিশুদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এই উদ্যোগ।
শিলিগুড়ি মহিলা থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে অঙ্কন, নৃত্য ও কবিতা পাঠ-এই তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিটি বিভাগেই উৎসাহের সঙ্গে অংশ নেয় শিশুরা। কেউ রং-তুলির মাধ্যমে নিজের কল্পনাকে ফুটিয়ে তোলে, আবার কেউ নৃত্য ও কবিতা পাঠের মাধ্যমে উপস্থিত সকলের মন জয় করে।
মহিলা থানার ওসি বিমলা কার্কি ছেত্রীর নেতৃত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরাও এই উদ্যোগে সহযোগিতা করেন।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। তবে বিশেষ আকর্ষণ ছিল অনুষ্ঠানে অংশ নেওয়া কোনও শিশুকেই খালি হাতে ফিরতে হয়নি। প্রত্যেক প্রতিযোগীর হাতে কেক, চিপস, বিস্কুট, চকলেট, রঙিন পেনসিল-সহ নানা উপহার তুলে দেওয়া হয়।





